বাস ভাড়া বাড়লো

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৬ পিএম

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে এবার গণপরিবহনের ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে বৃদ্ধি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম নতুন এই ভাড়ার হার ঘোষণা করেন।

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

গত ১৮ এপ্রিল সরকার এক নির্বাহী আদেশে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দেয়। সে সময় প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়। ১৯ এপ্রিল মধ্যরাত থেকে নতুন এই দাম কার্যকর হওয়ার পর থেকেই বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছিল।

মালিক পক্ষ ও বিআরটিএ-র সাথে আলোচনার ভিত্তিতেই এই ভাড়া সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে সবশেষ ২০২২ সালে বাসভাড়া বাড়ানো হয়েছিল।

FJ
আরও পড়ুন