ফুয়েল পাসে যুক্ত হলো প্রাইভেটকারের ‘ঘ’ সিরিজ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০০ পিএম

দেশে জ্বালানি তেলের ডিজিটাল ব্যবস্থাপনা বা ‘ফুয়েল পাস’ ব্যবস্থার আওতা আরও বাড়িয়েছে সরকার। এখন থেকে প্রাইভেটকারের নতুন ‘ঘ’ সিরিজের গাড়িগুলোও এই সেবার আওতায় আসবে। এর ফলে আগে থেকে কার্যকর থাকা ক, খ এবং গ সিরিজের পাশাপাশি ‘ঘ’ সিরিজের গাড়ির মালিকরাও ডিজিটাল পদ্ধতিতে তেল সংগ্রহ করতে পারবেন।

সোমবার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ফুয়েল পাস ব্যবস্থাকে সর্বজনীন করতে প্রযুক্তিগত উন্নয়ন করা হয়েছে। এখন থেকে আইফোন ব্যবহারকারীরাও নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোড (QR Code) তৈরি করতে পারবেন। এই কিউআর কোডটি স্ক্রিনশট হিসেবে মোবাইলে সংরক্ষণ করে অথবা প্রিন্ট করে ফিলিং স্টেশনে দেখালেই জ্বালানি পাওয়া যাবে।

অন্যদিকে, যাদের স্মার্টফোন নেই বা সাধারণ বাটন ফোন ব্যবহার করেন, তারাও কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে ওয়েবসাইট থেকে নিবন্ধন করে কিউআর কোডটি প্রিন্ট করে সাথে রাখতে পারবেন। স্থায়িত্বের জন্য গ্রাহকরা এই কোডটি ল্যামিনেট করে ব্যবহারের সুবিধাও পাবেন।

কাল থেকে ১১ স্টেশনে মোটরসাইকেলে ফুয়েল পাস বাধ্যতামূলক
আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীর ১১টি গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এসব স্টেশনে কিউআর কোড স্ক্যান ছাড়া তেল পাওয়া যাবে না। স্টেশনগুলো হলো:
১. করিম অ্যান্ড সন্স (শাপলা চত্বর)
২. ইউরেকা এন্টারপ্রাইজ (মহাখালী)
৩. মাসুদ হাসান ফিলিং স্টেশন (এয়ারপোর্ট, উত্তরা)
৪. সততা অ্যান্ড কোম্পানি (তেজগাঁও)
৫. দিগন্ত ফিলিং স্টেশন (মিরপুর)
৬. কামাল ট্রেডিং এজেন্সি (তেজগাঁও)
৭. এস.পি. ফিলিং স্টেশন (গাবতলী)
৮. সিটি ফিলিং স্টেশন ও মেঘনা পেট্রোলিয়াম (তেজগাঁও)
৯. সেবা গ্রিন ফিলিং স্টেশন (উত্তরা)
১০. স্যাম অ্যাসোসিয়েটস (মিরপুর-২)
১১. সুমাত্রা ফিলিং স্টেশন (কালশী রোড, মিরপুর)।

জ্বালানি সাশ্রয় এবং অবৈধ মজুত রোধে এই ডিজিটাল পদ্ধতি বড় ভূমিকা রাখবে বলে আশা করছে জ্বালানি মন্ত্রণালয়।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত