বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পিএম

বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে বর্ষীয়ান রাজনীতিবিদ ও ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারত। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। 

সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

দীর্ঘদিন পর কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব দিলো নরেন্দ্র মোদি সরকার। বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের রাজনীতির এক পরিচিত মুখ। তিনি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে কেন্দ্রীয় রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। দীনেশ ত্রিবেদী লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেরই সদস্য ছিলেন। ২০২১ সালে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দীনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকায় পৌঁছে তার নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা-দিল্লি সম্পর্কের মধ্যে কিছুটা শীতলতা দেখা দেয়। তবে বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পর দুই দেশের সম্পর্ক আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। এমন একটি সন্ধিক্ষণে পশ্চিমবঙ্গের রাজনীতি ও ভাষা সম্পর্কে ওয়াকিবহাল দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পাঠানো কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত