সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, বৃহস্পতিবার গেজেট

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯টিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ায় এই ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দিন খান।

রিটার্নিং কর্মকর্তা জানান, চূড়ান্ত তালিকায় থাকা ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াতে ইসলামী, এনসিপি ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। ১২ মে এই নির্বাচনের ভোটের তারিখ নির্ধারিত থাকলেও একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন পড়েনি।

৫০টি আসনের মধ্যে একটি আসনের ফলাফল বর্তমানে স্থগিত রয়েছে। ওই আসনের মনোনয়নপত্র বাতিল হওয়া নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান ছিল। আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুম নামে এক প্রার্থীর মনোনয়নপত্র নতুন করে গ্রহণ করার আদেশ এসেছে। ইসিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে আদালত। নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঐ একটি শূন্য আসনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপি জোটের নির্বাচিত যারা
সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।


জামায়াত জোটের নির্বাচিত যারা 
জামায়াতে ইসলামী জোটে নির্বাচিতদের মধ্যে রয়েছেন জামায়াত আটজন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির একজন, বাংলাদেশ খেলাফত মজলিশের একজন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার একজন এবং একজন জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা।

তারা হলেন- জামায়াতের নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির মাহমুদা আলম মিতু, জাগপার তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিশের মাহবুবা হাকিম।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গেজেট প্রকাশের পরপরই নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এবং সংসদ অধিবেশনে যোগ দেবেন।

FJ
আরও পড়ুন