সংরক্ষিত নারী আসন

নুসরাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

আপডেট : ০৫ মে ২০২৬, ১২:৫৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত-সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মাধ্যমে নাটকীয়তা ও আইনি লড়াই শেষে জাতীয় সংসদে নিজের জায়গা নিশ্চিত করলেন এই নেত্রী।

মঙ্গলবার (৫ মে) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রহুল আমিন মল্লিক জানান, সোমবার (৪ মে) রাতে নুসরাত তাবাসসুমের নাম সম্বলিত গেজেটটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।

সংরক্ষিত নারী আসনে জোটের পক্ষ থেকে প্রথমে এনসিপি নেত্রী মনিরা শারমিনের নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু ২১ এপ্রিল (মনোনয়ন দাখিলের শেষ দিন) গুঞ্জন ওঠে যে, সরকারি ব্যাংক থেকে অবসরের ৩ বছর পূর্ণ না হওয়ায় মনিরার মনোনয়ন বাতিল হতে পারে। সেই আশঙ্কায় নির্ধারিত সময় বিকেল ৪টার ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র দাখিল করা হয়। তবে সময়ের পরে দাখিল করায় রিটার্নিং কর্মকর্তা সেটি গ্রহণ করেননি। পরবর্তীতে ২৩ এপ্রিল বাছাইয়ের সময় মনিরা শারমিনের মনোনয়নপত্রটি বাতিল হয়ে যায়।

নিজের মনোনয়নপত্র গ্রহণের দাবিতে হাইকোর্টে রিট করেন নুসরাত তাবাসসুম। শুনানি শেষে আদালত তাঁর মনোনয়নপত্র গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের আদেশে গত ২ মে নুসরাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এবং ৩ মে তাকে বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়। যেহেতু জোটের কোনো বিকল্প প্রার্থী ছিল না, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন।

এদিকে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মনিরা শারমিনের করা রিট আবেদনটি বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে। এ বিষয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আমাদের কাছে আদালতের নতুন কোনো নির্দেশনা নেই। নুসরাত তাবাসসুমের রিটের প্রেক্ষিতেই আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা দুদিন অপেক্ষা করার পর গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। যদি ভবিষ্যতে আদালতের কোনো ভিন্ন নির্দেশনা আসে, তবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

নুসরাত তাবাসসুম ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে আলোচনায় এসেছিলেন। এবার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে তিনি তার জোটের প্রতিনিধিত্ব করবেন।

FJ
আরও পড়ুন