শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের উদ্ভাবনী শক্তির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়াকিমুল ইসলামের নিজ হাতে তৈরি করা বিশেষ ‘স্মার্ট কার’ পরিদর্শন করেন তিনি। শুধু পরিদর্শনই নয়, প্রধানমন্ত্রী স্বয়ং গাড়িটিতে চড়ে তরুণ এই উদ্ভাবককে উৎসাহ প্রদান করেন।
ওয়াকিমুল ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তার অদম্য ইচ্ছাশক্তির জোরে এই বিশেষ গাড়িটি তৈরি করেছেন। আধুনিক প্রযুক্তিনির্ভর এই স্মার্ট কারটি বিশেষভাবে শারীরিক প্রতিবন্ধীদের ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে, যা তাদের চলাচলের পথকে আরও সহজ ও নিরাপদ করবে।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) ও শাহাদাৎ হোসেন স্বাধীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই পরিদর্শনের তথ্য নিশ্চিত করেছেন।
গাড়িটি পর্যবেক্ষণ করার সময় প্রধানমন্ত্রী বলেন, মেধাবী তরুণরাই হবে আগামী বাংলাদেশের স্মার্ট নাগরিক। শারীরিক সীমাবদ্ধতা যে সৃজনশীল কাজের পথে কোনো বাধা নয়, ওয়াকিমুল তা প্রমাণ করেছে। সরকার এমন উদ্ভাবনী প্রচেষ্টাকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তা প্রদান করবে বলে তিনি আশ্বাস দেন।
এই বিশেষ স্মার্ট কারটি উদ্ভাবনের ফলে দেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী ক্ষমতার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ হয়েছে। ওয়াকিমুল ইসলামের এই উদ্যোগকে দেশের তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
নতুন পে স্কেল: দ্বিগুণ হতে পারে যাদের পেনশন, বাড়ছে ভাতাও