পুলিশকে ফ্যাসিবাদের হাতিয়ার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আপডেট : ১০ মে ২০২৬, ১০:৩৫ এএম

দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশ বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সেই নতুন শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেন, দেশের মানুষ শান্তি ও নিরাপত্তা চায় এবং তারা পুলিশের ভূমিকার ওপর অত্যন্ত নির্ভরশীল। রোববার (১০ মে, ২০২৬) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকারের আমলে এটিই প্রথম পুলিশ সপ্তাহ। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’।

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন- বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে সকল শহীদ পুলিশ সদস্য আত্মত্যাগ করেছিলেন, সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে।

তারেক রহমান ১৯৭১ সালের উত্তাল মার্চের প্রেক্ষাপট টেনে বলেন, তৎকালীন পাকিস্তান থেকে যখন ঢাকায় হাজার হাজার সৈন্য জড়ো করা হচ্ছিল, তখন সব পুলিশ সদস্যকে রাজারবাগে একসঙ্গে জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কৌশল কী ছিল, তা আজ গবেষণার বিষয় হতে পারে। তিনি উল্লেখ করেন, একদিকে চট্টগ্রামে মেজর জিয়ার ‘উই রিভোল্ট’ এবং অন্যদিকে রাজারবাগে পুলিশের মরণপণ প্রতিরোধই বাংলাদেশের স্বাধীনতার লড়াইকে বেগবান করেছিল।

প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীকে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে জনগণ শান্তি ও নিরাপত্তা চায়। শুধু বিদেশিদের সাথে নয়, দেশের মানুষের সাথেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত।” তিনি আরও উল্লেখ করেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দক্ষতার পরিচয় দিয়ে পুলিশ প্রমাণ করেছে তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও আইজিপি আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে বর্ণিল প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। আজ থেকে শুরু হওয়া এই পুলিশ সপ্তাহের কর্মসূচি আগামী ১৩ মে পর্যন্ত চলবে।

SN
আরও পড়ুন