কুমিল্লাকে নতুন প্রশাসনিক বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের সমর্থন থাকলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় সরকারপ্রধান এমন প্রতিশ্রুতি দেন।
সব ওয়াদা পর্যায়ক্রমে পালন করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি যা ওয়াদা করে, সেটা পূরণ করে। আমরা যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, তার ভিত্তিতে মানুষ আমাদের ভোট দিয়েছে। আমরা যে ওয়াদা করেছি তা বাস্তবায়ন করব।
এ সময় সভায় উপস্থিত জনতা ‘কুমিল্লা বিভাগ চাই’ দাবিতে স্লোগান দিলে প্রধানমন্ত্রী বলেন, ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন তাহলে বাস্তবায়ন হবে।
এর আগে দুপুর সোয়া ১১টায় প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে সমর্থকরা মুহুর্মুহু করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
পথসভা শেষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন।