ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির বিশেষ নির্দেশনা

আপডেট : ২৪ মে ২০২৬, ০৪:৫৫ পিএম

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে দূরপাল্লার গণপরিবহন মালিক, শ্রমিক, যাত্রী এবং পথচারীদের জন্য ১৪টি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, 
১. নির্ধারিত শিডিউল অনুযায়ী টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে।
২. যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
৩. যাত্রীদের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার বা হয়রানি করা যাবে না।
৪. একই সিট একাধিক যাত্রীর নিকট বিক্রয় করা নিষিদ্ধ।
৫. সিট ব্যতীত বাসের ছাদে কোনো অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না।
৬. পণ্য ও পশুবাহী যানবাহনে (বিশেষ করে কোরবানির পশু নামিয়ে দিয়ে ফিরতি পথে) কোনো যাত্রী বহন করা যাবে না।
৭. বেপরোয়া ও অতিরিক্ত গতি পরিহার করে নির্দিষ্ট গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে।
৮. ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু ব্রিজে ওভারটেকিং করা যাবে না।
৯. নেশাজাতীয় দ্রব্য সেবন করে, ঘুমঘুম ভাব বা শারীরিক অসুস্থতা নিয়ে গাড়ি চালানো যাবে না।
১০. বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
১১. গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার করা যাবে না এবং গাড়িতে উচ্চস্বরে গান বাজানো বন্ধ রাখতে হবে।
১২. কোনো অবস্থাতেই উল্টো রাস্তায় গাড়ি চালানো যাবে না।
১৩. চালক নিয়োগের পূর্বে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের বৈধতা যাচাই করতে হবে।
১৪. মালিক পক্ষ কোনো চালককে একটানা ৫ ঘণ্টা এবং দিনে সর্বমোট ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করতে পারবেন না।

যাত্রী সাধারণের জন্য নির্দেশনাবলী
সড়কের যত্রতত্র দাঁড়িয়ে বাসে না উঠে নির্দিষ্ট টার্মিনাল বা কাউন্টারে গিয়ে বাসে উঠতে হবে। অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পর থেকে বাঁচতে অপরিচিত কারো দেওয়া কোনো খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না। যাত্রীদের নিজেদের মালামাল নিজ হেফাজতে ও দায়িত্বে রাখতে হবে।

বাস যাত্রার নির্ধারিত সময়ের আগেই কাউন্টার বা টার্মিনালে হাজির হতে হবে। রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ, আন্ডারপাস বা জেব্রাক্রসিং ব্যবহার করতে হবে। চলন্ত গাড়িতে ওঠানামা করা এবং পণ্য বা পশুবাহী মোটরযানে যাত্রী হয়ে যাতায়াত করা যাবে না।

পথচারীদের জন্য নির্দেশনাবলী
রাস্তা পারাপারের সময় অবশ্যই জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করতে হবে। রাস্তা পারাপারের সময় দৌড়ানো বা মোবাইল ফোনে কথা বলা যাবে না। চলাচলের জন্য রাস্তার মূল অংশ পরিহার করে ফুটপাত ব্যবহার করতে হবে।

ডিএমপি জানিয়েছে, ঈদ যাত্রায় টার্মিনালে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

AHA
আরও পড়ুন