রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল–এর পোস্ট অপারেটিভ রুমে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে এসি বন্ধ থাকাকে কারণ হিসেবে ধারণা করছে পুলিশ।
বুধবার (২৮ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ওই পোস্ট অপারেটিভ রুমে ছয় নবজাতক ও ১১ জন মা অবস্থান করছিলেন।
ডিএমপি কমিশনারের ভাষ্য অনুযায়ী, ঠান্ডা অনুভূত হওয়ায় এক মা এসি বন্ধ রাখার অনুরোধ করলে দায়িত্বে থাকা নার্স প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন। পরে কক্ষে গরম অনুভূত হলে আবার এসি চালু করতে বলা হয়।
এর কিছুক্ষণ পর দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। পরে আরও চার শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত ছয় নবজাতকের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন টিম কাজ করছে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, ঘটনাস্থলে সিআইডি