মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়'

আপডেট : ০২ জুন ২০২৬, ০৮:০০ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঢাকার মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী সমস্যা কোনোভাবেই রাতারাতি বা ওভারনাইট সমাধানযোগ্য নয়। তিনি বলেন, ওই এলাকায় মাদক ও জুয়ার প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, অপরাধীদের আটক করা হলেও আইনের কিছু দুর্বলতার কারণে দীর্ঘ সময় তাদের জেলে রাখা সম্ভব হচ্ছে না, যা অপরাধ নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা তৈরি করছে।

তিনি আরও বলেন, এসব সমস্যা মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে, যার মাধ্যমে অপরাধ দমন আরও কার্যকর করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে শিশু রামিসা হত্যার প্রসঙ্গে তিনি বলেন, এটি বিচারাধীন বিষয় হওয়ায় এ নিয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে চান না। তবে দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার প্রচেষ্টা চলছে বলে তিনি জানান।

আদ-দ্বীন হাসপাতালের নবজাতকদের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, সেখানে এসির গ্যাস লিক থেকে শ্বাসকষ্টের ঘটনা ঘটেছে কি না তা নিয়ে তদন্ত চলছে। পুলিশ বিষয়টি দেখছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ও পৃথকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে।

এছাড়া সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অবৈধ পুশব্যাক ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কোনো বাংলাদেশি নাগরিক যদি অবৈধভাবে অন্য দেশে অবস্থান করেন, সে বিষয়টিও সরকারিভাবে দেখা হবে।

ঢাকার যানজট পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে কিছুটা উন্নতি হয়েছে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনা সফল হচ্ছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে সড়কে যানজট আরও কমে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

AS
আরও পড়ুন