মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়লো

আপডেট : ০৮ জুন ২০২৬, ০২:৪০ পিএম

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের (সমমর্যাদারসহ) সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) মূল বেতন নির্ধারণ করে দিয়েছে অর্থ বিভাগ। এখন থেকে তাদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা। আগে তারা জাতীয় বেতন স্কেল, ২০১৫ নবম গ্রেডে (২২০০০-৫৩০৬০ টাকা) নিয়োগ পেতেন। অর্থাৎ মূল বেতন ছিল ২২ হাজার টাকা। সেই হিসাবে তাদের মূল বেতন এখন বাড়লো। 

সম্প্রতি এপিএসদের নতুন বেতন কাঠামো নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ।

চিঠিতে জানানো হয়েছে, সরকারি চাকরির বাইরে থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের (সমমর্যাদাসহ) এপিএস এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের অভিপ্রায়ে নিযুক্ত একান্ত সচিবদের (পিএস) বেতন নবম গ্রেডের অষ্টম ধাপে নির্ধারণ করা হয়েছে, যার পরিমাণ ৩২ হাজার ৫৪০ টাকা।

এর আগে, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এপিএসরা নবম গ্রেডের শুরুর ধাপে, অর্থাৎ ২২ হাজার টাকা মূল বেতনে নিয়োগ পেতেন। তবে কোনো কোনো ক্ষেত্রে একাধিক ইনক্রিমেন্ট যোগ করে তাদের বেতন নির্ধারণ করা হতো।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এপিএসদের বেতন গ্রেড নির্ধারণ বিষয়ে মতামত জানতে গত ৩১ মার্চ অর্থ বিভাগে চিঠি পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে এপিএসদের নতুন বেতন গ্রেড নির্ধারণ করে অর্থ বিভাগ জানিয়েছে, তাদের মূল বেতন ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারিত থাকবে। কোনো ধরনের বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। তবে তারা বিধি অনুযায়ী প্রযোজ্য অন্যান্য ভাতা পাবেন। পাশাপাশি কোনো পেনশন, আনুতোষিক কিংবা ভবিষ্য তহবিলের সুবিধাও প্রযোজ্য হবে না।

এই মূল বেতন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর (সমমর্যাদা) সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর (সমমর্যাদা) একান্ত সচিব পদে শুধু সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানিয়েছে অর্থ বিভাগ।

অন্যদিকে, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এপিএস সাধারণত সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয়ে থাকে, যা সংশ্লিষ্ট মন্ত্রীর বা প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী নির্ধারিত হয়। তবে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী যদি এপিএস পদে সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেন, তাহলে তিনি এই নির্ধারিত বেতন গ্রেডের আওতাভুক্ত হবেন না।

আরও পড়ুন
সর্বশেষপঠিত