২০২৬-২৭ অর্থবছর

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৩:১৩ পিএম

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন। সম্ভাব্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকায়।

এছাড়া, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ, মূল্যস্ফীতি ৭.৫ শতাংশ এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রাথমিকভাবে প্রায় ৩ লাখ কোটি টাকা নির্ধারণের সম্ভাবনা রয়েছে। আসন্ন এই বাজেটে সাধারণ মানুষের সুবিধার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চিকিৎসাসামগ্রী ও প্রযুক্তি খাতে শুল্ক ছাড়ের যেমন প্রস্তাব থাকছে, তেমনি বিলাসী ও তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। 

আসন্ন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে -

তামাক ও নিকোটিনজাত পণ্য

জনস্বাস্থ্য সুরক্ষায় ও রাজস্ব বাড়াতে সিগারেট এবং নিকোটিন পাউচের ওপর উচ্চ হারে সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হচ্ছে। ফলে সব ধরনের তামাকজাত পণ্যের দাম বাড়বে।

নির্মাণসামগ্রী

উন্নয়ন ও অবকাঠামো খাতের অন্যতম প্রধান উপাদান মাইল্ড স্টিলসহ সব ধরনের রডজাত পণ্যে ভ্যাট ও কর বাড়ানোর প্রস্তাব রয়েছে। এতে বাড়ি তৈরির খরচ বা আবাসন খাতের ব্যয় বৃদ্ধি পেতে পারে।

বিলাসী ও বিদেশি পণ্য

বিদেশি প্রসাধনী (কসমেটিকস) এবং উচ্চমূল্যের আমদানিকৃত খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের বিলাসী দ্রব্যের ওপর ২০ শতাংশ পর্যন্ত ভ্যাট আরোপের সম্ভাবনা রয়েছে। এর ফলে এসব শৌখিন পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে।

আমদানিকৃত কাজুবাদাম ও হিমায়িত মাছ

বিদেশ থেকে আসা কাজুবাদামের ওপর শুল্ক বর্তমানের ৫ শতাংশ থেকে একলাফে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে। একই সাথে হিমায়িত মাছ আমদানির ক্ষেত্রেও ভ্যাট বাড়ানোর পরিকল্পনা থাকায় এগুলো কিনতে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হবে।

SN
আরও পড়ুন