শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ১২ জুন ২০২৬, ১১:৩৩ এএম

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (১৩ জুন) কক্সবাজার সফরে যাচ্ছেন।

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে কক্সবাজারে এটিই তার প্রথম সফর। সফরসূচি অনুযায়ী, ১৩ জুন (শনিবার) সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টায় আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদরের পিএমখালীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।

এরপর দুপুর ১২টায় ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করবেন। সেখান থেকে জুলাই-২৪ আন্দোলনের কক্সবাজারের প্রথম শহিদ ওয়াসিমের কবর জিয়ারত এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরবর্তীতে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

বিশ্রাম ও মধ্যভোজ শেষে বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত বিএনপির রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তিনি মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন। এরপর রাত ৮টায় লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক তৎপরতা ও প্রাণচাঞ্চল্য শুরু হয়েছে।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত