দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৪:১০ পিএম

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার সূত্র ধরে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় তাকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুবাই সিটি পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে গত ১২ জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্রটি জানায়, গ্রেপ্তার প্রক্রিয়ায় ইন্টারপোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর আগে বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছিল এবং আন্তর্জাতিক পর্যায়ে তার অবস্থান শনাক্তে সহযোগিতা চাওয়া হয়।

বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারসহ একাধিক অভিযোগে মামলা করেছে দুদক। এসব মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

২০২৪ সালে দেশ ছাড়ার পর থেকে তিনি বিদেশে অবস্থান করছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আদালতের নির্দেশে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয়।

বেনজীর আহমেদ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং ঢাকা মহানগর পুলিশের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্বে ছিলেন।

AS
আরও পড়ুন