প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লি ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে তলব

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৮:১৫ পিএম

প্রধানমন্ত্রীর পলিসি, স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে প্রবেশের অনুমতি না দেওয়ার ঘটনায় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়াকে তলব করেছে বাংলাদেশ।

সোমবার (১৫ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র অসন্তোষ জানানো হয়।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং বিষয়টি নিয়ে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে বলেন, কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো এবং সরকার কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) একটি অনুষ্ঠানে যোগ দিতে রোববার ঢাকা থেকে দিল্লি যান জাহেদ উর রহমান। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার প্রবেশে বাধা দেয়।

ফলে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে না পেরে তাকে বিমানবন্দর থেকেই ঢাকায় ফিরে আসতে হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর দুই দেশের কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের একজন উচ্চপর্যায়ের উপদেষ্টাকে ভারত প্রবেশের অনুমতি না দেওয়ার ঘটনায় ঢাকা আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চেয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

attr
আরও পড়ুন