জাতীয় সংসদে দেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে সবকিছুর ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষ নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্যই বর্তমান সরকার ও সংসদ সদস্যদের পবিত্র এই দায়িত্ব দিয়েছে। তাই জনগণের আমানত রক্ষায় সরকার বদ্ধপরিকর।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলমান অধিবেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
নিজের রাজনৈতিক দর্শন পুনর্ব্যক্ত করে সংসদ নেতা বলেন, তাদের দল সবসময় ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ নীতিতে বিশ্বাসী। প্রধানমন্ত্রী হিসেবে নিজের অবস্থান থেকে তিনি সবসময় দেশের এবং দেশের মানুষের বৈশ্বিক ও অভ্যন্তরীণ স্বার্থ নিয়ে কথা বলছেন এবং তা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকারের কোনো কাজের পেছনেই ব্যক্তিগত স্বার্থ জড়িত নেই। যেকোনো বড় সাফল্য কিংবা সফল বৈদেশিক সফরের মাধ্যমে যদি ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে, তবে তার পুরো কৃতিত্বই বাংলাদেশ এবং দেশের সাধারণ মানুষের।
সংসদে তাঁর বক্তব্যের প্রতি আন্তরিক সমর্থন ও সহমত প্রকাশের জন্য প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশের অগ্রযাত্রায় ও মানুষের পক্ষে কাজ করার এই লড়াইয়ে সবার এই ইতিবাচক মনোভাবকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।
বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি