ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য শুভেচ্ছা উপহার আম পাঠালো বাংলাদেশ

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৭:৩৫ পিএম

বাংলাদেশ ও ভারতের দুই প্রতিবেশী রাজ্যের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার  (৩০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে যশোরের বেনাপোল সীমান্ত এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমের চালান ভারতের উদ্দেশে পাঠানো হয়। পরে সেগুলো কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ চালানে দেশের জনপ্রিয় দুই জাতের আম—আম্রপালি ও হাঁড়িভাঙ্গা—পাঠানো হয়েছে। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। সব মিলিয়ে দুই মিশনের মাধ্যমে পাঠানো হয়েছে ১ হাজার ১০০ কেজি আম।

এই চালানের মধ্যে পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা–এর জন্য ১০০ কেজি করে আম বরাদ্দ রাখা হয়েছে। অবশিষ্ট আম পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, উচ্চপদস্থ কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ মহলের প্রতিনিধিদের কাছে শুভেচ্ছা উপহার হিসেবে পৌঁছে দেওয়া হবে।

প্রতিবছরের মতো এবারও মৌসুমি ফল আমকে ঘিরে বাংলাদেশের এই শুভেচ্ছা উদ্যোগ দুই প্রতিবেশী অঞ্চলের পারস্পরিক সৌহার্দ্য, আন্তরিকতা এবং জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ইতিবাচক বার্তা বহন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Attr/AHA
আরও পড়ুন