প্রতিবন্ধীদের সুরক্ষায় একগুচ্ছ উদ্যোগ নিচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৮:৪০ পিএম

বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী নাগরিকদের সেবা, পুনর্বাসন এবং অধিকার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, প্রতিটি প্রতিবন্ধী নাগরিকের জন্য পৃথক ফাইল খোলা হবে, যাতে তাদের স্বাস্থ্য, পুনর্বাসন, কর্মসংস্থানসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে দীর্ঘমেয়াদি সেবা নিশ্চিত করা যায়।

বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতকরণ এবং বাস্তবায়ন কমিটির দ্বিতীয় ফলোআপ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছর থেকেই ঢাকার কড়াইল বস্তিতে পরিচালিত 'শিশুস্বর্গ' কর্মসূচি দেশের ২০ থেকে ২৫টি উপজেলায় সম্প্রসারণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের প্রাথমিক শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা ও রেফারাল সেবা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, মাঠপর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শনাক্ত করে প্রত্যেকের জন্য পৃথক ফাইল তৈরি করা হবে। সেই তথ্যের ভিত্তিতে সমাজকল্যাণসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় দীর্ঘমেয়াদি পুনর্বাসন, শিক্ষা, কর্মসংস্থান এবং অন্যান্য অধিকার নিশ্চিত করতে কাজ করবে।

সরকারি অবকাঠামোকে প্রতিবন্ধীবান্ধব করার উদ্যোগের কথা জানিয়ে ড. মুহিত বলেন, নতুন নির্মিত ৫০০ উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাম্প, লিফট ও বিশেষ টয়লেটের ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি নতুন প্রকল্প অনুমোদনের সময় সেটি প্রতিবন্ধীবান্ধব কি না, তা যাচাই করা হবে।

তিনি আরও জানান, দেশে চালু হতে যাওয়া বিদ্যুৎচালিত (ইভি) বাসে হুইলচেয়ার ব্যবহারকারীদের সহজে ওঠানামার সুবিধা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আলাদা বিভাগ রাখা হচ্ছে। এ ছাড়া স্পেশাল অলিম্পিক ও প্যারা অলিম্পিকে সাফল্য অর্জনকারী প্রতিবন্ধী ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা ও সংবর্ধনা দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা দয়া নয়, এটি রাষ্ট্রের দায়িত্ব। তিনি জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা, প্রশিক্ষণ এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ সুবিধাসহ সমন্বিত 'ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার' প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতকরণে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভাপতি প্রধানমন্ত্রী এবং সদস্যসচিব প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সভায় স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

AHA
আরও পড়ুন