জুনে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৪ এএম

জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ এবং চলমান লোডশেডিং পরিস্থিতির সমাধানে একটি বিশেষ পর্যালোচনা সভা করেছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ভার্চুয়াল সভায় সারাদেশের জেলা প্রশাসক (ডিসি), বিদ্যুৎ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জুন মাসের বিল সংক্রান্ত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। বিদ্যুৎ সচিব জেলা প্রশাসকদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা জানান, তাদের কাছে এ সংক্রান্ত উল্লেখযোগ্য কোনো অভিযোগ আসেনি। তবে মাঠপর্যায়ে যেন গ্রাহকরা কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিতরণ সংস্থাগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সচিব স্পষ্ট করে জানিয়ে দেন, যদি বিল তৈরিতে কোনো ধরনের করণিক বা কারিগরি ভুল ধরা পড়ে, তবে তা দ্রুত সংশোধন করতে হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি ইচ্ছাকৃতভাবে অসদুপায় অবলম্বন করে গ্রাহককে হয়রানি করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া সভায় লোডশেডিং পরিস্থিতির উন্নয়ন এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থায় নেট মিটারিং স্থাপনের অগ্রগতির বিষয়েও আলোচনা করা হয়। অতিরিক্ত বিদ্যুৎ বিল বা যেকোনো অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য গ্রাহকদের নিজ নিজ বিতরণ সংস্থার সঙ্গে সরাসরি অথবা হটলাইনে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

হটলাইন নম্বরগুলো হলো: বিদ্যুৎ বিভাগ কেন্দ্রীয় সেবা ১৬৯৯৯, বিপিডিবি ১৬২০০, পল্লী বিদ্যুৎ ১৬৮৯৯, বিপিডিসি ১৬১১৬, ডেসকো ১৬১২০, নেসকো ১৬৬০৩ এবং ওজোপাডিকো ১৬১১৭।

YA
আরও পড়ুন