ছুটির দিনেও স্বস্তি নেই, অস্বাস্থ্যকর বায়ুতে ঢাকাবাসী

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১০:৩০ এএম

সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার (৩ জুলাই) রাজধানীর সকল স্কুল-কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। একই সঙ্গে সড়কে যানবাহনের চাপও অন্যান্য দিনের তুলনায় কম। তবুও রাজধানীর বায়ুর মান এমন পর্যায়ে রয়েছে, যা সংবেদনশীল জনগোষ্ঠীর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

সকাল ৮টা ৩৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকা ১০ম অবস্থানে রয়েছে। এ সময় তালিকার শীর্ষে ছিল ইন্দোনেশিয়ার জাকার্তা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মানের স্কোর ০ থেকে ৫০ হলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।

ঢাকার এদিনের বায়ুর মানের সূচক (একিউআই) ছিল ১০২, যা সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে। বিশেষ করে অ্যাজমা, ফুসফুসজনিত রোগ কিংবা শ্বাসতন্ত্রের অন্যান্য সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য এ ধরনের বায়ু স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

অন্যদিকে, তালিকার শীর্ষে থাকা জাকার্তার বায়ুর মানের স্কোর ছিল ১৬০, যা সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এ তালিকায় জাকার্তার পরেই অবস্থান করছে পাকিস্তানের লাহোর।

NB/YA
আরও পড়ুন