যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম

বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি চিঠি দিয়েছেন।

শনিবার (৪ জুলাই) ওই চিঠিতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

চিঠিটি পাঠানো হয় বাংলাদেশের পক্ষ থেকে, যেখানে বলা হয় স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অংশীদার ও বিশ্বস্ত বন্ধু হিসেবে ভূমিকা রেখে আসছে। গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি বহুমুখী ও শক্তিশালী কাঠামোতে পরিণত হয়েছে।

চিঠিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে চলতি বছরের শুরু থেকেই বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সমর্থন ও মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

চিঠিতে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, আগামী দশকগুলোতে যুক্তরাষ্ট্র বৈশ্বিক নেতৃত্ব ও সমৃদ্ধির পথে আরও অগ্রসর হবে—এমন প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

চিঠির শেষাংশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয় এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখের প্রত্যাশা জানানো হয়। এখানে উল্লেখ করা হয়, দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও কৌশলগত অংশীদারিত্বে রূপ নেবে।

Attr/AHA
আরও পড়ুন