রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে শনিবার (১২ জুলাই) আয়োজিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক কর্মশালায় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কীটনাশকের মান নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ ছাড়া দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে উৎস পর্যায় থেকেই কীটনাশকের মান যাচাই ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু কৃষকদের সচেতন করাই যথেষ্ট নয়। কীটনাশক আমদানি, নিবন্ধন, মান যাচাই এবং প্রবেশবন্দর পর্যায় থেকেই কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। তাঁর ভাষায়, ‘নিরাপদ খাদ্য উৎপাদন আগামী দিনের কৃষির অন্যতম বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করতে এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মন্ত্রী আরও বলেন, বর্তমানে বৈশ্বিক বাজারে শুধু খাদ্যের পরিমাণ নয়, নিরাপদ ও উচ্চমানের খাদ্যের চাহিদাই বেশি। বাংলাদেশের উর্বর মাটি, অনুকূল জলবায়ু, পর্যাপ্ত সূর্যালোক ও বৃষ্টিপাতের সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব বাড়ানোর আহ্বান জানান তিনি।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, অনেক ক্ষেত্রে ফসল সংগ্রহের ঠিক আগে কীটনাশক প্রয়োগ করায় খাদ্যে ক্ষতিকর রাসায়নিকের অবশিষ্টাংশ থেকে যায়। এ পরিস্থিতিতে শুধু কৃষকদের প্রশিক্ষণ দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়; বরং উৎপাদন ও সরবরাহব্যবস্থার শুরু থেকেই কীটনাশকের মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।
কৃষিপণ্যের রপ্তানি সম্ভাবনার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, আম রপ্তানিতে আধুনিক ও স্বাস্থ্যসম্মত প্যাকিং ব্যবস্থা ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে। একইভাবে কাঁঠাল, মাংসসহ অন্যান্য কৃষিপণ্যেরও আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। তবে রপ্তানি বাড়াতে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও সরবরাহের প্রতিটি ধাপে আন্তর্জাতিক মান এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য অর্জনে কৃষি গবেষক, বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন
ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর