৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন, শিগগিরই তফসিল ঘোষণা 

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০১:৩১ এএম

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ফাঁকা হওয়া আসনে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জোড় প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে আগামী ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার আইনি প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ মেনে নির্ধারিত সময়ের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করবে ইসি। এ লক্ষ্যে অতি দ্রুততম সময়ে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল প্রকাশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইসি সূত্রে জানা গেছে, 'রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১' অনুসরণে সম্পূর্ণ ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হবে। এই নির্বাচনে মুখ্য ভূমিকা রাখবেন প্রধান নির্বাচন কমিশনার, যিনি নিজেই সরাসরি 'রিটার্নিং কর্মকর্তা' হিসেবে সমস্ত দায়িত্ব সামলাবেন।

রাষ্ট্রপতি নির্বাচনে মূলত জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য ভোটার হিসেবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাই তফসিল প্রকাশের আগে দ্রুততম সময়ে সংসদের হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত ও চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনারের তথ্যমতে, প্রার্থী একাধিক থাকলে জাতীয় সংসদ ভবনে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে প্রতিদ্বন্দ্বী না থেকে একক প্রার্থী মনোনীত হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইনানুযায়ী আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হবে।

সাপ্তাহিক ছুটির পর আগামী কার্যদিবসে কমিশনের উচ্চপর্যায়ের বৈঠকে তফসিলের চূড়ান্ত তারিখ ও কর্মপরিকল্পনা নির্ধারিত হবে। সব আনুষ্ঠানিকতা শেষে অতি শিগগিরই একটি পূর্ণাঙ্গ সময়সূচি গণমাধ্যমে প্রকাশ করবে নির্বাচন কমিশন।

সংবাদের তথ্যসূত্র: নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ-এর গণমাধ্যম বক্তব্য এবং নির্বাচন কমিশন (ইসি) সূত্রে প্রাপ্ত তথ্যাবলি।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত