রাজধানীতে সরকারি গণপরিবহনে যুক্ত হচ্ছে আরও একটি মেট্রোরেল লাইন। আর এর মাধ্যমে রাজধানীর পশ্চিম অংশ গাবতলী থেকে পূর্ব অংশ দাশেরকান্দিতে যাওয়া যাবে মাত্র ২৮ মিনিটে। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে আলোর মুখ দেখছে এমআরটি-৫ দক্ষিণ লাইন প্রকল্পটি।
প্রতিদিন প্রায় ৯ লাখ ২৪ হাজার যাত্রী এই মেট্রোরেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি ট্রেনে বহন করা যাবে ২ হাজার ৩১২ জন যাত্রী।
প্রকল্পটির মোট দৈর্ঘ্য ১৭ দশমিক ২ কিলোমিটার। এর মধ্যে ১৩ দশমিক ১ কিলোমিটার হবে পাতালপথ এবং ৪ দশমিক ১ কিলোমিটার উড়ালপথ। পুরো রুটে থাকবে ১৫টি স্টেশন এর মধ্যে ১১টি পাতাল এবং ৪টি উড়াল স্টেশন।
গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাবনগর হয়ে দাশেরকান্দি পর্যন্ত চলবে এই মেট্রোরেল।
প্রকল্পের ব্যয়ও কমানো হয়েছে। আগের ৫৫ হাজার কোটি টাকার পরিবর্তে এখন ব্যয় ধরা হয়েছে ৪৭ হাজার ৬৪৫ কোটি টাকা। এর বড় অংশ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এবং কোরিয়ার ইডিসিএফ।
বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর পূর্ব-পশ্চিম করিডোরে যানজট কমবে, সাশ্রয় হবে কোটি কোটি কর্মঘণ্টা এবং কার্বন নিঃসরণও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
সরকারি সূত্র বলছে, সব প্রস্তুতি শেষ। এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির অনুমোদন পেলেই শুরু হবে এমআরটি-৫ দক্ষিণ লাইনের বাস্তবায়ন কাজ।
গণ-আকাঙ্ক্ষার সরকার হলেও জবাবদিহিতার বাইরে নয় কেউ
নতুন দায়িত্ব পেলেন এমপি ফজলুর রহমান