ভারত থেকে দেশে আসলো ২ টন টিয়ার গ্যাস

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১০:৪২ এএম

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ভারত থেকে ২ দশমিক ০৩ টন টিয়ার গ্যাস শেল আমদানি করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর দিয়ে আসা চালানটি খালাসের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যশোর সেনানিবাসে পাঠানো হয়।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের ‘নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড’ থেকে ১৪৫টি কাঠের বাক্সে করে টিয়ার গ্যাসের চালানটি আনা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় শুল্ক ও অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার পর চালানটি খালাস করা হয়। পরে ঢাকা মেট্রো-ন-১৯-৩৭৫৩ নম্বরের একটি কাভার্ড ভ্যানে করে তা যশোর সেনানিবাসে পাঠানো হয়।

রুহুল আমিন জানান, আগামী ৯ আগস্ট চালানটি যশোর সেনানিবাস থেকে ঢাকায় নেওয়ার কথা রয়েছে।

চালানটির নিরাপত্তায় বেনাপোল বন্দর থেকে শার্শা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দায়িত্ব পালন করেন। এরপর শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

AM/YA
আরও পড়ুন