মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১১:৪৪ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পৌঁছেছেন। এর আগে আজ সকাল ৯টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও বিমানবন্দর থেকে মহেশখালীর উদ্দেশে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, মাতারবাড়ীতে তিনি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দীঘির মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পরে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে।

এরপর বিকেল পৌনে ৪টার দিকে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় কিছু সময়ের জন্য বিরতি নেবেন তারেক রহমান।

পরে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।

সফরের সব কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতে তার রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

Maz
আরও পড়ুন