প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার ১৬তম এই বৈঠক অনুষ্ঠিত হয়।
তফসিলি ব্যাংকগুলোর মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব কিংবা অস্তিত্বের ঝুঁকি মোকাবিলায় আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পূর্বে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছিল। পরবর্তীতে অধ্যাদেশটি আইনে রূপান্তরের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিল আকারে উত্থাপন করা হলে তা সংসদীয় ‘বিশেষ কমিটি’র পর্যালোচনায় পাঠানো হয়।
বিশেষ কমিটির সুপারিশে সরকারের আর্থিক দায়ভার হ্রাস, গ্রাহকস্বার্থ রক্ষা এবং ব্যাংক পুনর্গঠনে ‘১৮ক’ নামের একটি নতুন ধারা সংযোজন করে ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’ পাস করা হয়। প্রচলিত আইনের পাশাপাশি এটি একটি বাজারভিত্তিক বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করছিল।
আইন পাসের পর ১৮ক ধারার নির্ধারিত শর্তাবলি পরিপালন করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় ধারাটির কার্যকারিতা অবশিষ্ট ছিল না। ফলে ধারাটি বিলুপ্ত করার উদ্দেশ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়।
মন্ত্রিসভার বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে এই সংশোধিত খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
বিএনপির সব পরিকল্পনা ও কর্মসূচি সবসময়ই জনবান্ধব: প্রধানমন্ত্রী