তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু আগামী বছর 

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৬ পিএম

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী বছর থেকে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ। তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা ও নদীভাঙন মোকাবিলায় বড় ধরনের উদ্যোগের এই তথ্য উঠে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের গত ছয় মাসের কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়।

কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন, এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস পাওয়ার তথ্যও কমিটিকে জানানো হয়।

সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। জানানো হয়, বর্তমানে মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান। ২০২৬-২০২৭ অর্থবছরে এসব প্রকল্পের জন্য ৭ হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বৈঠকে উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করা, বরাদ্দের অর্থ সুষ্ঠু ব্যবহার এবং জনগণের জন্য পানি সম্পদ খাতের সেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ কমিটির সদস্যরা অংশ নেন। মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

AHA
আরও পড়ুন