পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি সই হওয়া ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের আগ্রহকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিষয়টি নয়াদিল্লির নজরে রয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের সম্ভাব্যভাবে ওই প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল এ কথা বলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি ভারত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে নির্দিষ্ট এই প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, সেটিও গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হচ্ছে।
ভারতের জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায় উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নিতে ভারত প্রস্তুত।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এক সাক্ষাৎকারে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। তার ওই বক্তব্যের পরই নয়াদিল্লির পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেল।
সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও প্রশ্ন ওঠে। জয়সওয়াল বলেন, এ সফর নিয়ে বর্তমানে নতুন কোনো তথ্য তাদের কাছে নেই। সফরের তারিখ ও অন্যান্য বিষয় চূড়ান্ত হলে যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।
আজ জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন রাষ্ট্রপতি
২২ ভারতীয়সহ দুই জাহাজ জলদস্যুদের কবলে