২২ ভারতীয়সহ দুই জাহাজ জলদস্যুদের কবলে

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৮:৫৬ এএম

ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ জন ভারতীয় নাবিকসহ দুটি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে।

তবে জিম্মি হওয়া সব নাবিক এখন পর্যন্ত নিরাপদে রয়েছেন বলে ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, গত ২০ আগস্ট এডেন উপসাগরে ইয়েমেন উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে ইরিত্রিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘এমটি সিবু ১’-এ হামলা চালায় ছয় সশস্ত্র জলদস্যু। জাহাজটিতে মোট ২০ জন ক্রু ছিলেন, যার মধ্যে ১৬ জনই ভারতীয় নাগরিক। বাকিদের মধ্যে সিরিয়া, সুদান ও ইরাকের নাগরিক রয়েছেন। জাহাজটির নিয়োগকারী প্রতিষ্ঠান এস কে এস মেরিন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

এর আগে ১৭ আগস্ট সোমালিয়ার পান্টল্যান্ডের মারায়ে উপকূলের কাছে ক্যামেরুনের পতাকাবাহী ‘এম/ভি লুতুফ’ নামের অপর একটি জাহাজে হামলা চালিয়ে তা নিয়ন্ত্রণে নেয় আটজন একে-৪৭ রাইফেলধারী জলদস্যু। ওই জাহাজের ১০ জন ক্রুর মধ্যে ৬ জন ভারতীয় এবং বাকিরা তুরস্ক, জর্জিয়া ও সার্বিয়ার নাগরিক।

লোহিত সাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পরপর দুটি জাহাজ জলদস্যুদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় আন্তর্জাতিক সামুদ্রিক রুটে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। ভারতীয় নাবিকদের সুরক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া।

YA
আরও পড়ুন