ছিনতাইকারীর কবলে শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এএম

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) নিহতের ঘটনায় সন্দেহভাজন দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও  জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের বসিলা র‍্যাব-২ এর সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- হত্যাকাণ্ডের মূল সন্দিগ্ধ মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে ‘প্যারা পনি’ এবং তার সহযোগী সেড্রিক।

ডিআইজি নয়মুল হাসান বলেন, হত্যাকাণ্ডের মূল সন্দিগ্ধ পনি গাজী একজন পেশাদার ছিনতাইকারী এবং একাধিক অপরাধে অভিযুক্ত। সে দীর্ঘদিন ধরে রাজধানীর তেজগাঁও, শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইসহ মোট ১৩টি মামলা রয়েছে।

রনজিনা পারভীনের ব্যাগ কে টেনেছিল, এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, ঘটনাটি কেউ সরাসরি দেখেনি। মোটরসাইকেলের মালিক রাকিব নিশ্চিত করেছেন, ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে সেড্রিক বসা ছিল। এখন ব্যাগটি সেড্রিক টেনেছিল, নাকি পনি গাজী টেনেছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা মোটরসাইকেলচালকের সঙ্গে পনি গাজীর দৈহিক গঠনের মিল রয়েছে। এছাড়া স্থানীয় ১৫ জন সোর্স র‍্যাবকে নিশ্চিত করেছে যে মোটরসাইকেলচালক পনি ছাড়া অন্য কেউ নয়।

এছাড়া রাত আড়াইটা থেকে ভোর ৪টা পর্যন্ত গ্রেপ্তার দুজনের মোবাইল ফোন ওই এলাকায় সক্রিয় ছিল বলেও জানান তিনি।

এমইউ
আরও পড়ুন