আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনে আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ঠিকানায় ভোটার হতে আগ্রহীদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে আবেদন করতে হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-২) মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক চিঠিতে এ সময়সূচি জানানো হয়।
ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিলের শেষ সময় ৭ সেপ্টেম্বর ২০২৬। দাখিল করা আবেদন ইস্যুর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এবং আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।
অর্থাৎ নতুন ঠিকানায় ভোটার স্থানান্তর করতে আগ্রহীদের ৭ সেপ্টেম্বরের মধ্যেই সংশ্লিষ্ট নির্বাচন অফিসে আবেদন জমা দিতে হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কর্মকর্তারা আবেদন ইস্যু ও নিষ্পত্তির কার্যক্রম সম্পন্ন করবেন।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যু এবং নিষ্পত্তির জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদনগুলো নিষ্পত্তি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কমিশন।
পাশাপাশি পুরো কার্যক্রম তদারকির জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদেরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
ইসির চিঠিতে বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুসরণ করে ভোটার স্থানান্তরের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
‘চোখের পলক ফেললেই বিলীন’: তেহরানে ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক বিলবোর্ড
জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি