আসিফের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি কমিটিও গঠন করেছে সংস্থাটি।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ-বদলি, কেনাকাটা এবং সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধানে গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বেআইনি কাজ হাসিলের জন্য ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিংয়ের অভিযোগও রয়েছে বলে জানিয়েছে দুদক।

এ ছাড়া সাবেক ক্রীড়া উপদেষ্টা থাকার সময় ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি তাঁর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা নিয়েছেন।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, এসব অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এমইউ
আরও পড়ুন