ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে যে প্রক্রিয়ায় সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে ঢাকা সন্তুষ্ট নয়। তবে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরের সম্ভাবনা রয়েছে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক দেশ ভারত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরে নানা আলোচনা চলছিল। ভারতের পক্ষ থেকেও কয়েক দফায় বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে তাদের কাছে নতুন করে নিশ্চিত কোনো তথ্য নেই।
বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়। তবে বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিল দিল্লি। শেষ পর্যন্ত সেই আমন্ত্রণে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।
তবে ব্রিকস সম্মেলনে অংশ না নিলেও ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এর মধ্য দিয়ে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে কয়েকদিন ধরে চলা অনিশ্চয়তার অবসান হলো।
ব্রিকস সম্মেলনের প্রথম দিনেই বৈঠকে মোদি-শি
হাঙ্গেরিতে কবর খোঁড়ার প্রতিযোগিতা, ১ম পুরস্কার ৭৮ হাজার টাকা