‘বেহেশতের টিকিট বিক্রেতারা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে’— জামায়াতকে ইঙ্গিত করে এমন দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে তাদের রানীমা দেশে আসবেন, আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে ভোট দিয়ে আপনারা দিনেরবেলা আপনাদের সরকার গঠন করেছেন, এই গণমুখী সরকার যার নেতৃত্বে জনাব তারেক রহমান। প্রধানমন্ত্রীর সুনাম এরই মধ্যে সারাবিশ্বে, তার কর্মদক্ষতা, নেতৃত্বের গুণাবলী এবং সততা প্রশংসিত হচ্ছে। সেই মানুষটার গতিপথকে রোধ করে দেওয়ার চেষ্টা করছে।
দেশের জ্বালানি খাত নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশকে পরনির্ভরশীল রাখার উদ্দেশ্যে দলটি নতুন কোনো গ্যাসকূপ খনন করেনি।
তিনি জানান, বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরে গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের জ্বালানি ও বিদ্যুতের ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হবে।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ