গত ১ মে নিজ এলাকায় এক জানাজায় অংশ নিতে গিয়ে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের চুরি হওয়া অ্যাপল ব্র্যান্ডের মোবাইল ফোনটি এখনও উদ্ধার হয়নি।
ফোনটি চুরি হলেও হারানোর জিডি করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী। ঘটনার মাস পেরিয়ে গেলেও ফোনের কোনো সন্ধান এখনও মিলেনি। তবে ফোন উদ্ধারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কাজ করছে বলে জানা গেছে।
এর আগে গত ১ মে সকাল ১০টার দিকে জামালপুরের ইসলামপুরের শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ফোনটি চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রী হাসনা মোশারফের জানাজায় অংশ নেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। নামাজের আগ মুহূর্তে তার ব্যবহৃত অ্যাপল ব্র্যান্ডের মোবাইলের এয়ারপ্লেন মোড অন করে কোনো এক ব্যক্তির হাতে দেন। কিন্তু নামাজের পর সেই ব্যক্তি আর মোবাইল ফোনটি ফেরত দেননি। কার কাছে মোবাইল দিয়েছেন সেটাও মনে নেই মন্ত্রীর।
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, ধর্মমন্ত্রী একটি জানাজায় অংশ নেন। জানাজার নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে মোবাইল ফোনটির এক ব্যক্তির হাতে দেন। পরবর্তীতে কার কাছে মোবাইল ফোনটি দিয়েছেন সেটা তিনি মনে করতে পারছেন না।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত মোবাইল ফোনটি পাওয়া যায়নি। সেটি উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের একাধিক টিম এটা নিয়ে কাজ করছে। আশা করছি, দ্রুতই আমরা সফল হবো।

