যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন আরও ৮২ জন বাংলাদেশি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন তারা।
এদের মধ্যে ৭৬ জন সম্পূর্ণ সরকারি ব্যয়ে এবং ৬ জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অর্থায়নে দেশে ফিরে এসেছেন। এ পর্যন্ত ১১টি ফ্লাইটে সর্বমোট ৬৯৭ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যাবাসনকৃত অসহায় এ সকল বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাবৃন্দ। বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন।
লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় দেশে ফিরে আসতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের সবাইকে রাষ্ট্রীয় খরচে দেশে ফেরত আনার ঘোষণা দিয়েছে সরকার। এবং যারা ফিরতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস।
উল্লেখ্য, এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

