যমুনার সামনে ৩ আন্দোলনকারী নিহতের দাবি মিথ্যা: সিএ প্রেস উইং ফ্যাক্টস

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পুলিশের গুলিতে ৩ আন্দোলনকারী নিহত হওয়ার যে তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, তাকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই অপপ্রচারের সত্যতা তুলে ধরা হয়।

প্রেস উইং জানায়, আওয়ামী লীগ-ঘনিষ্ঠ একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে, পুলিশের গুলিতে যমুনার সামনে ৩ জন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে কি-ওয়ার্ড সার্চ এবং বিভিন্ন সংবাদমাধ্যমের খবর বিশ্লেষণ করে এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। নির্ভরযোগ্য কোনো সূত্র বা হাসপাতাল থেকেও নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আজ সরকারি কর্মচারীরা যমুনার সামনে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের বুঝিয়ে এলাকা ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তারা অবস্থান বজায় রাখেন।

বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে। পুলিশি অ্যাকশনের মুখে আন্দোলনকারীরা পিছু হটে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ এবং বাংলামোটর এলাকায় ছড়িয়ে পড়েন।

প্রেস উইং ফ্যাক্টস স্পষ্টভাবে জানিয়েছে, পুলিশ বলপ্রয়োগ করলেও ৩ জন নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ বানোয়াট। কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিহতের খবরটি একটি পরিকল্পিত গুজব।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষও নিশ্চিত করেছিল যে, যমুনার সামনের ঘটনায় আহত হয়ে যারা চিকিৎসা নিতে এসেছেন, তাদের কারও শরীরেই গুলির আঘাত নেই।

FJ
আরও পড়ুন