পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২ ফেব্রুয়ারি) এক বাণীতে তিনি এই মহিমান্বিত রজনীর তাৎপর্য তুলে ধরে সকল প্রকার অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করার আহ্বান জানান।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ‘পবিত্র শবে বরাত আমাদের জীবনে রহমত, মাগফিরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ। হাদিসে বর্ণিত আছে, এই রাতে আল্লাহ তাঁর বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। তাই ইবাদত-বন্দেগি ও দান-সদকার মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি।’
ড. ইউনূস আরও উল্লেখ করেন, শবে বরাত হলো আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করার সুযোগ। তিনি দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করার পাশাপাশি মানবকল্যাণে সবাইকে আত্মনিয়োগ করার অনুরোধ করেন।
তিনি বলেন, ‘আসুন, সকল অন্যায় ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের অনুপম সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করি।’
উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পুণ্যময় ও সৌভাগ্যময় রজনী হিসেবে পরিচিত।

