বাবার কবর জিয়ারত করে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ এএম

দেশে ফেরার দ্বিতীয় দিনে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর গুলশানের বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।

গত বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে তারেক রহমানের দেশে ফেরার প্রথম তিন দিনের কর্মসূচির কথা সাংবাদিকদের জানিয়েছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

এ নিয়ে জাতীয় স্মৃতিসৌধ ও তার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সাভার-আশুলিয়ার বিএনপির নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনে দলীয় প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, দীর্ঘ ১৭ বছর পরে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান। তিনি আগামীকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। সেখানে সাভার-আশুলিয়ার প্রায় এক লাখ নেতাকর্মী উপস্থিত থাকবেন।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু বলেন, আগামীকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন। তার নিরাপত্তার জন্য পুলিশ কাজ করছে। 

আগামীকাল সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে কি না -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল অনেক মানুষ স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসবে। তবে সবার জন্য উন্মুক্ত থাকবে কি না, তা এখনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল সকালে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন। সে কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

HN
আরও পড়ুন