জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা এবং সমসাময়িক বিভিন্ন ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনের খবর যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন জাতীয় ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে দলটি। এ উপলক্ষে একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার পর ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। সাড়ে ৪টার দিকে হ্যাকড অ্যাকাউন্ট থেকে একটি অপ্রত্যাশিত ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পর জামায়াতে ইসলামীর সাইবার টিম দ্রুত অ্যাকাউন্ট উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার কিছু সময় পর অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়া যায়। একই সঙ্গে বিতর্কিত পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
দলটির অভিযোগ, স্বল্প সময়ের মধ্যে দেওয়া ওই পোস্টটি স্ক্রিনশট ও কপি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। অপপ্রচার বন্ধ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
এ ঘটনায় সোমবার মধ্যরাতে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানিয়েছে জামায়াতে ইসলামী।
আজ শেরপুর যাচ্ছেন জামায়াত আমির
জামায়াত আমিরের হ্যাক হওয়া অ্যাকাউন্ট উদ্ধার, থানায় জিডি
