হ্যাকিংয়ের পর যারা কর্মসূচি দিয়েছে, তারাই এর সঙ্গে জড়িত: জামায়াত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনাকে একটি গভীর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছে দলটি। 

রোববার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, হ্যাকিংয়ের ঘটনার পরপরই যারা তাৎক্ষণিক কর্মসূচি পালন করেছে, তারাই এই চক্রান্তের মূল হোতা।

সংবাদ সম্মেলনে জুবায়ের বলেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। যারা এই চক্রান্ত করেছে, তারা অনেকদিন থেকেই এর প্রস্তুতি নিচ্ছিল। হ্যাকাররা সেখান থেকে কিছু আপত্তিকর ও বিভ্রান্তিকর পোস্ট দিয়েছে, যা জামায়াতের চিন্তা ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থী।’

বিশেষ একটি রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের গভীর আশঙ্কা, এই চক্রান্তের পেছনে একটি বিশেষ দল জড়িত। হ্যাকিংয়ের কয়েক মিনিটের মাথায় ওই পোস্টগুলোকে কেন্দ্র করে যারা তাৎক্ষণিক রাস্তায় নেমে কর্মসূচি দিয়েছে, তাদের সক্রিয়তাই প্রমাণ করে তারা এই হ্যাকিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত। জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই তারা এই নোংরা পথ বেছে নিয়েছে।’

অ্যাকাউন্ট উদ্ধারের বিষয়ে তিনি জানান, শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা ৩৭ মিনিটে অ্যাকাউন্টটি হ্যাকড হয়। জামায়াতের সাইবার টিমের প্রচেষ্টায় বিকেল ৫টা ২২ মিনিটে সেটির পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। হ্যাকারদের দেওয়া বিতর্কিত পোস্টগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং এই বিষয়ে ইতোমধেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং আইনি পদক্ষেপ নিচ্ছি। যারা চরম বাড়াবাড়ি করেছে, তাদের বিচারের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

DR/SN
আরও পড়ুন