প্রতিপক্ষদের বিতর্কের আহ্বান জামায়াত আমিরের

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতি ‘ভাবনার লড়াই’ বা নীতি-নির্ধারণী বিতর্কের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশের মানুষের জন্য সর্বোত্তম নীতিমালা প্রণয়ন এবং জনসেবার মানদণ্ড নির্ধারণে এই বিতর্ক জরুরি বলে মনে করেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এই আহ্বান জানান। 

পোস্টে তিনি লেখেন, ‘আমি আমার প্রতিপক্ষদের স্বাগত জানাই। আসুন, আমরা ভাবনার লড়াইয়ে প্রতিযোগিতা করি— কে এই দেশের মানুষের সেবা আরও ভালোভাবে করতে পারে তা প্রমাণ করার জন্য।’

তিনি আরও যোগ করেন, ‘চলুন নীতিমালা নিয়ে বিতর্ক করি, মানুষের কথা শুনি এবং বাংলাদেশের মানুষের জন্য সর্বোত্তম নীতিমালা প্রণয়ন করি। জামায়াত প্রতিদিনের সম্পৃক্ততার মাধ্যমে আলোচনা ও মানুষের কথা শোনার একটি ভিন্ন পথ দেখাচ্ছে।’

রাজনীতিতে সহিংসতার নেতিবাচক প্রভাব উল্লেখ করে জামায়াত আমির লেখেন, ‘মানুষ আগে সহিংসতা প্রত্যাখ্যান করেছে, এখনো করছে এবং ভবিষ্যতেও করবে।’

জামায়াত আমিরের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। আমিরের পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করে তিনি লিখেছেন, ‘ডাকসু এটা (বিতর্ক) আয়োজনে আগ্রহী।’

বিশ্বের উন্নত দেশগুলোতে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে প্রার্থীদের মধ্যে এ ধরনের ‘প্রেসিডেন্সিয়াল ডিবেট’ বা নীতি-নির্ধারণী বিতর্ক অত্যন্ত জনপ্রিয়। এর মাধ্যমে ভোটাররা প্রার্থীদের যোগ্যতা ও পরিকল্পনা সম্পর্কে স্বচ্ছ ধারণা পান। বাংলাদেশে এমন সংস্কৃতি চালুর আহ্বান রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় বর্তমানে প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তবে এই বিতর্কের ফরম্যাট কী হবে বা অন্য দলগুলো এতে সাড়া দেবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

DR/SN
আরও পড়ুন