মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি: মির্জা আব্বাস

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১০ পিএম

ভোট কারচুপির মাধ্যমে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেছেন, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা নির্দিষ্ট একটি পক্ষ এবং কিছু রাজনৈতিক অপশক্তি নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমি মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি। প্রশাসনের ভেতরে থাকা জামায়াতের লোকেরা ভোটের ফলাফল ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। যদি তারা ফলাফল ঘুরাতে না পারে, তবে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করবে। একটি বিশেষ পক্ষ চাচ্ছে যেভাবেই হোক জনমতকে উপেক্ষা করে ভোটের ফলাফল নিজেদের পক্ষে নিতে।’

হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘একটি বিশেষ দল বাংলাদেশের স্বাধীনতা এবং ৭১-কে মেনে নিতে পারেনি। তারা বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছে। কিছু দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে গোপন চুক্তি করেছে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক- এই চরম সত্যটি তারা সহ্য করতে পারছে না। কিন্তু ষড়যন্ত্র করে লাভ নেই, এ দেশের মানুষ তাদের চিনে ফেলেছে।’

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সমালোচনা করে তিনি বলেন, ‘ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের অনুসারী দল এনসিপি। এ কথা ড. ইউনূস নিজেই স্বীকার করেছেন। আর তাই বর্তমানে ক্ষমতায় বসে নির্বাচন পরিচালনা করছে মূলত জামায়াত ও এনসিপি।’

নির্বাচনি সহিংসতার বিষয়ে মির্জা আব্বাস বলেন, ‘বিরোধী পক্ষ চাচ্ছে আমি কোথাও একটা গন্ডগোল করি, যাতে তারা ফায়দা লুটতে পারে। কিন্তু আমি নির্বাচনের আগে কোনো বিশৃঙ্খলা করতে চাই না। আমরা শান্তি চাই। তবে ফলাফল আমাদের পক্ষে না আসা পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। ভোটের ফলাফল নিয়েই আমরা ঘরে ফিরব।’

বক্তব্য শেষে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। জনগণের ভোটের অধিকার রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে।

DR/FJ
আরও পড়ুন