গুরুদাসপুরে শিশু চালকের মুখ বেঁধে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম

নাটোরের গুরুদাসপুরে এক শিশু ভ্যানচালকের মুখ স্কচটেপ দিয়ে বেঁধে ও চাকু দিয়ে ভয় দেখিয়ে ভ্যান ছিনতাইয়ের সময় মেহেদী হাসান (১৮) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিধুলী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু চালক আলীরাজ (১২) উপজেলার দড়ি-কাছিকাটা গ্রামের নূর ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার দাঁদুয়া গ্রামের জিহাদ (২৫) নামের এক যুবক যাত্রী সেজে চাঁচকৈড় বাজারে যাওয়ার কথা বলে আলীরাজের ভ্যানটি ভাড়া করে। কিন্তু চাঁচকৈড় না গিয়ে কৌশলে চালককে শিধুলী কবরস্থান এলাকায় নিয়ে যায়।

সেখানে পূর্ব থেকে ওত পেতে থাকা অপর ছিনতাইকারী মেহেদী হাসান তাদের সঙ্গে যোগ দেয়। তারা দুজনে মিলে শিশু আলীরাজের মুখে স্কচটেপ পেঁচিয়ে চাকুর ভয় দেখিয়ে তাকে হত্যার হুমকি দেয় এবং ভ্যানটি ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে মেহেদীকে আটক করলেও জিহাদ পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উত্তেজিত জনতা মেহেদীকে উত্তম-মাধ্যম দিয়ে গুরুদাসপুর থানা পুলিশের হাতে তুলে দেয়।

গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির পিতা নূর ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক আসামিকে ধরার চেষ্টা চলছে।

DR/FJ
আরও পড়ুন