বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। আর কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারা ছাত্রদলে যোগ দেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাদের ফুল দিয়ে বরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় জিতু বলেন, ‘একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব।’

রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছে। আমরা তাদের স্বাগত জানাই।
 
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদানে অনুপ্রাণিত হয়েই তরুণ এসব নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে।
 
এছাড়া দ্রুতই ছাত্রদলের নতুন নেতৃত্ব আসবে বলেও জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।

উল্লেখ্য, সর্বশেষ জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে আবদুর রশিদ জিতু সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। ওই নির্বাচনে জাকসুর ২৫টি পদের মধ্যে ২০টি পদে শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হলেও শীর্ষ পদ ভিপিতে জয়লাভ করে আলোচনায় আসেন জিতু।

AHA
আরও পড়ুন