১১ দলীয় জোটের বৈঠক

সরকারি কর্মচারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জামায়াত আমিরের

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ এএম

নির্বাচনে সরকারের কর্মচারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জামায়াতের মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি। সন্ধ্যা ৭টায় জামায়াত আমিরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বৈঠক শেষে জামায়াত আমির সাংবাদিকদের বলেন, আমরা জনগণের বিজয়ের অপেক্ষায় আছি। এ অবস্থায় প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের সকল কর্মকর্তার উচিত হবে নির্বাচনে নিরপেক্ষ থাকা।

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যে গণভোট হবে, সেখানে ১১ দলীয় ঐক্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জানিয়ে তিনি বলেন, জাতি অতীত রাজনীতির ভুক্তভোগী। আমরা জাতিকে দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচারসম্পন্ন এক মানবিক বাংলাদেশ উপহার দেবো।

নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে জানিয়ে ডা: শফিকুর রহমান বলেন, পরপর চারটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। সামনের নির্বাচন ঘিরে দেশব্যাপী উৎসবের আমেজ বইছে। গণরায় প্রতিষ্ঠা হলে জাতির আনন্দ পূর্ণতা পাবে।

নির্বাচন ঘিরে জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অনেক অপপ্রচার হতে পারে। জনগণকে আহ্বান জানাব, ১১ দলের কেন্দ্রীয় বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্যকে নির্দেশনা হিসেবে না নেয়ার। কেউ ভোট ডাকাতি করতে এলে আমরা জনগণকে আহ্বান জানাব প্রতিহত করতে। তরুণদের এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হলে সেটি জনগণের সরকার হবে বলেও মন্তব্য করেন ডা: শফিকুর রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, লিবারেল ডেমোক্রেটিক পার্টির উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যক্ষ মাহবুবুর রহমান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার ও লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।

HN
আরও পড়ুন