উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এর ফলাফল আসতে শুরু করেছে। কুমিল্লার আলোচিত দেবীদ্বার (কুমিল্লা-৪) আসনে বড় জয়ের পথে রয়েছেন ১১-দলীয় জোটের হেভিওয়েট প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ৪৬টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ তার ‘শাপলা কলি’ প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৯৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন পেয়েছেন ১৮ হাজার ৯৯২ ভোট।
অর্থাৎ, ৪৬ কেন্দ্রের হিসেবেই হাসনাত আবদুল্লাহ ৪২ হাজার ৯৫০ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই আসনে মোট কেন্দ্র রয়েছে ১১৬টি। বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসার আগেই হাসনাত আবদুল্লাহর জয় অনেকটা নিশ্চিত বলে মনে করছেন স্থানীয় ভোটার ও সমর্থকরা।
হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেবীদ্বার আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন।
উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বর্তমানে কেন্দ্রগুলোতে দ্রুতগতিতে গণনা চলছে এবং পর্যায়ক্রমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হচ্ছে।
‘ফলাফল না পাওয়া পর্যন্ত কেন্দ্রে থাকুন, সজাগ দৃষ্টি রাখুন’
