দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জামায়াতের

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে নির্বাচনের সার্বিক বিষয়ে নিজেদের পরবর্তী অবস্থান পরিষ্কার করতে ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার নির্দেশনা দিয়েছে দলটি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

পোস্টে জামায়াত উল্লেখ করে, গতকাল দিনভর শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে বিপুল সংখ্যায় ভোট প্রদানের জন্য তারা ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। তবে ভোট গণনা ও ফলাফল ঘোষণার ধরন নিয়ে দলটির মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

জামায়াত দাবি করেছে, অনেক আসনে তাদের প্রার্থীরা ‘রহস্যজনকভাবে’ অল্প ভোটের ব্যবধানে হেরে গেছেন। দলটির মতে, ফলাফলে বারবার গরমিল পরিলক্ষিত হচ্ছে এবং ফলাফল সাজানো বলে মনে হচ্ছে। এছাড়া নির্বাচনের সময় প্রশাসনের ভূমিকাও নিরপেক্ষ ছিল না বলে অভিযোগ তুলেছে দলটি। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে জামায়াত বলেছে, "আমরা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি। আমাদের জোটের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ন্যায়ের লড়াই চলবেই, ইনশা আল্লাহ।"

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের এই বার্তার পর ১১ দলীয় জোটের পক্ষ থেকে যেকোনো সময় নতুন কোনো আন্দোলনের কর্মসূচি বা কঠোর প্রতিবাদী ঘোষণা আসতে পারে।

DR/AHA
আরও পড়ুন